<
blog-img

শেষ হলো ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

10 months ago

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন আধুনিক প্রযুক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা সংস্থাগুলোকে আরও বেশি গবেষণা করার আহ্বান জানিয়ে শেষ হলো ডেটা সায়েন্স, এআই ও অ্যাপ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটিতে অবস্থিত ইএটিএল ইনোভেশন হাবে আয়োজিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেশ-বিদেশের গবেষক, বিশেষজ্ঞ, শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।

 

 

ইএটিএল ইনোভেশন হাব ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্যালফোর্ড আয়োজিত দুই দিনের এ সম্মেলনে এআই, বিগ ডেটা, মেশিন লার্নিং, রোবোটিকসসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ বিষয়ে ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী, ডেটা ও এআই নিয়ে তাদের কাজ, গবেষণার তথ্য তুলে ধরেছেন। এর পাশাপাশি বাংলাদেশের পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে নিজেদের ভাবনাকে প্রকাশ করার সুযোগ পেয়েছেন।

 

ইউনিভার্সিটি অব স্যালফোর্ডের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. সারাই বলেন, ‘বাংলাদেশে উদ্ভাবন নিয়ে অনেক কাজ হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাগার এআইসহ নানা বিষয়ে কাজ করছে। এসব কাজের ভবিষ্যৎ অনেক ভালো। আমরা এই সম্মেলনে নানা ধরনের উদ্ভাবন ও প্রযুক্তিতথ্য জানতে পেরেছি। বাংলাদেশের স্বাস্থ্য, গবেষণা, শিক্ষা নিয়ে তরুণেরা ভালো কাজ করছেন। এ ধরনের কাজ এগিয়ে নেওয়ার জন্য সরকারের বিশেষ নীতিমালার করা প্রয়োজন।’

সম্মেলনে কি-নোট ভাষণসহ বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, কর্মশালা, প্যানেল আলোচনা ও পোস্টার প্রদর্শন করা হয়। আয়োজকেরা জানিয়েছে, সম্মেলনে গৃহীত গবেষণাপত্র স্প্রিঙ্গার কমিউনিকেশনস ইন কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাময়িকীতে প্রকাশ করা হবে। সম্মেলনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকদের গবেষণাপত্র নিয়ে আলোচনা করা হয়েছে।

img
main-image
image